ভালোবাসার গল্প_01_তোমারে আমি কেমনে বলি

তোমারে যে আমি ক্যামনে কই তোমারে আমার ভাল্লাগে। তোমারে বুকের কাছে নিয়া সুখের কাছে দুদণ্ড বইসা পড়ি। যে ফুল গাছখান মইরা গ্যাছে কিচ্ছুক্ষণ আগে, তুমি হাইসা দিলেই মাটি ফাইটা অংকুরিত হয় একটা ফুল গাছের জীবন। সুখের কাছে মনে অয় আমার বেবাক দুঃখের ওজন মাইপতে দেই, সুখ হইয়া যাক তোমার ছোয়াছুয়ি খেলনায়। তোমার সেবিকা হাত বাড়াইয়া দিলেই আমার মনে অয়, সাইরা যাইবে হজ্ঞল খানিক মন খারাপের জ্বর। ভাল্লাগে, তোমারে চিবুকের তিলে যা জমায়ে রাইখছো, ও-যেন আমারে কাবু করনের ফাঁদ! তোমার নাকের নথে যে ভাল্লাগা, আমারে বিড়বিড় কইরা যে ভাবনার ভেতরে নিয়া যায়, মাইনষে যদি জাইনতো? তয় দেখাইয়া দিয়া কইতো, ওই যে পাবনার পাগলা গারদ। তোমারে আমার ভাল্লাগে- হুটহাট অভিমান হইলে, গাল ফুলাইয়া কপাল খানা নিয়া আগাইয়া আইবা আমার আদুরে চুমু বরাবর, কিংবা জড়াইয়া ধরা সোহাগের কাছে। তোমার রাগের কাছে নির্দ্বিধায় বাড়াইয়া দিবো বুকটা। তোমার চুল খুলে দেওয়া চুলার পাড়ের খুনসুটি দেইখা পাশের বাড়ির ভাবী কাইন্দা কাইন্দা কইবো, ইশ! আমারডা যদি এমন অইতো।তোমারে যে আমি ক্যামনে কই, তোমারে আমার ভাল্লাগে! যেমন ভাল্লাগে, অসহয়ের হাতে গুজে সহায়ক হাত, ঈমানদারের নত হওয়া চোক্ষু, মুয়াজ্জিনের আযান।

মন্তব্যসমূহ